সময়ের দাবি যে সাংবাদিকতা
বিশ্বজুড়ে সাংবাদিকতা এক কঠিন সন্ধিক্ষণ অতিক্রম করছে। কেন্দ্রীভূত ক্ষমতা যত শক্তিশালী হচ্ছে, জনস্বার্থের প্রশ্ন ততই আড়ালে সরে যাচ্ছে। স্বাধীন সংবাদমাধ্যমের পরিসর সংকুচিত হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ। কারণ প্রকৃত গণমাধ্যমের প্রথম দায় ক্ষমতার পাশে দাঁড়ানো নয়, মানুষের পাশে দাঁড়ানো।
অন্যায্যতার বিরুদ্ধে নীরব না থেকে প্রয়োজনীয় প্রশ্ন তোলার নামই সাংবাদিকতা। ক্ষমতাবানদের জনসংযোগে নয়, তাদের জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে পারার সাহসই প্রকৃত সাংবাদিকতার পরিচয়। বাংলাদেশের প্রেক্ষাপটে এমন কাজের চ্যালেঞ্জ সবসময়ই ছিল। সেই চ্যালেঞ্জের মধ্যেও ঝুঁকি নিয়ে সত্য অনুসন্ধানের অসংখ্য উদাহরণ রয়েছে। কিন্তু ক্লিকভিত্তিক সংবাদপ্রবাহের যুগে রাজনীতি, কূটনীতি, অপরাধ, খেলাধুলা ও বিনোদনের ভিড়ে জনস্বার্থভিত্তিক অনুসন্ধানী প্রতিবেদন যেন ক্রমেই দূরে সরে যাচ্ছে। সেই কারণেই আমরা বেছে নিয়েছি মানুষের অস্তিত্বের সবচেয়ে মৌলিক বিষয়-খাবার।
খাবার নিয়ে আমাদের আগ্রহ শুধু মানুষ কী খায়, তা জানার জন্য নয়; বরং কেন সেই খাবার, কীভাবে সেই খাবার, কার জন্য সেই খাবার-এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে। পার্লামেন্ট যেমন একটি রাষ্ট্রের রাজনৈতিক চরিত্রের পরিচয় দেয়, তেমনি একটি রান্নাঘর বলে দেয় সেই সমাজের সংস্কৃতি, অর্থনীতি, বৈষম্য ও জীবনযাত্রার গল্প। মানুষ কী খায়, কে কী খেতে পারে, কোন খাবার মর্যাদা পায় আর কোনটি অবহেলিত থাকে-এসবের ভেতরেই গেঁথে থাকে ক্ষমতা, শ্রেণি, সংস্কৃতি ও রাষ্ট্রের বাস্তবতা।
খাবার তাই শুধু খাদ্য নয়; এটি পরিচয়, স্মৃতি, শ্রম, বাজার, রাষ্ট্র ও পুঁজিরও গল্প। একটি বীজ থেকে এক প্লেট খাবার পর্যন্ত দীর্ঘ যাত্রাপথে জড়িয়ে থাকে কৃষকের শ্রম, প্রযুক্তি, নীতি, বাজার ও ক্ষমতার সম্পর্ক। আমরা বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ খাদ্যবিষয়ক মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল 'ধারা নিউজ' সেই পথ ধরেই যাত্রা শুরু করছি।
ধারা নিউজ জানাতে চায়-খাবারটি কোথা থেকে এলো, কে উৎপাদন করল, কী দামে, কার শ্রমে, কোন সরবরাহব্যবস্থার মধ্য দিয়ে এবং শেষ পর্যন্ত কে তা খেতে পারল? আমরা প্রশ্ন করব, আমাদের খাদ্যনীতি কতটা জনমুখী? খাদ্যের মান বারবার কেন প্রশ্নের মুখে পড়ে? ভেজাল, অনিয়ন্ত্রিত কীটনাশক, অ্যান্টিবায়োটিক ও ক্ষতিকর উপাদানের ব্যবহার কেন থামে না? খাদ্যের মোড়কের তথ্য কতটা সত্য? খাদ্যব্যবস্থায় করপোরেট নিয়ন্ত্রণ কতটা বাড়ছে? কৃষক, উৎপাদক ও ভোক্তার চেয়ে মধ্যস্বত্বভোগীর স্বার্থ কেন অনেক সময় বেশি গুরুত্ব পায়? নিরাপদ খাদ্য নিশ্চিত করার প্রতিষ্ঠানগুলো কেন প্রত্যাশিতভাবে কার্যকর হয়ে উঠতে পারে না? এসব প্রশ্নের উত্তর খুঁজতে আমরা শুধু সমস্যার তালিকা করব না। কৃষক থেকে ভোক্তা পর্যন্ত পুরো খাদ্যব্যবস্থার কাঠামো অনুসন্ধান করব।
খাদ্যনীতি, বাজার, করপোরেট নিয়ন্ত্রণ, পুষ্টি, নিরাপদ খাদ্য, কৃষি, জলবায়ু, বাণিজ্য ও খাদ্য কূটনীতিকে দেখব মানুষের বাস্তব জীবনের সঙ্গে মিলিয়ে। তবে খাবার শুধু সংকটের গল্প নয়। হারিয়ে যাওয়া একটি রান্না বহন করতে পারে একটি জনগোষ্ঠীর ইতিহাস। স্থানীয় কোনো শস্য বলতে পারে কৃষিবৈচিত্র্যের কথা। উৎসবের খাবার জানাতে পারে স্মৃতি ও পরিচয়ের কথা। রান্নাঘরের পরিবর্তন দেখাতে পারে পরিবার, শ্রমবিভাজন ও নগরজীবনের রূপান্তর। তাই ধারায় অনুসন্ধানের পাশাপাশি থাকবে খাদ্যের ইতিহাস, নৃতত্ত্ব, সমাজ, সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান এবং মানুষের ব্যক্তিগত গল্প। আমরা কোনো খাবারকে শুধু ভালো বা খারাপ বলে থামতে চাই না। জানতে চাই, কোন প্রক্রিয়ায় সেটি আমাদের প্লেটে পৌঁছাল, কারা লাভবান হলো, কারা বঞ্চিত রইল এবং সেই ব্যবস্থাকে আরও ন্যায়সংগত করার পথ কোথায়।
আমরা বিশ্বাস করি, একটি জাতিকে জানতে হলে তার সংসদ যেমন দেখতে হয়, তেমনি দেখতে হয় তার রান্নাঘরও। কারণ একটি সমাজের মূল্যবোধ, বৈষম্য, অর্থনীতি ও ভবিষ্যৎ-সবকিছুর ছাপ তার খাদ্যব্যবস্থায় রয়ে যায়। তাই শেষ পর্যন্ত খাবারের গল্প মানেই মানুষের গল্প; আর মানুষের গল্পের মধ্যেই লেখা থাকে একটি দেশের ভবিষ্যৎ।
খাবার আমাদের প্রাত্যহিক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর একটি। কিন্তু আমরা প্রতিদিন যে খাবার খাই, তা কতটা নিরাপদ; খাবারের উৎস কোথায়; কৃষক কীভাবে এটি উৎপাদন করছেন; ভোক্তার কাছে কিভাবে পৌঁছাচ্ছে; বাজারে ভেজাল ও নকল খাবারের বিস্তার কতটা; জলবায়ু পরিবর্তন কিভাবে বদলে দিচ্ছে আমাদের খাদ্যব্যবস্থা ও রান্নাঘর— এসব প্রশ্নের উত্তর খুঁজতেই এসেছে ধারা নিউজ। শুধু উত্তর খোঁজা নয়; খাদ্যবিষয়ক যেকোনো ধরনের সংকট, সমস্যা থেকে উত্তরণের উপায় নিয়েও কাজ করবে ধারা নিউজ।
ধারা নিউজ বাংলাদেশের প্রথম খাদ্যকেন্দ্রিক নিশ মিডিয়া (Niche Media)। আমাদের পরিসর শুধু খাবার। তবে এই পরিসর কোনোভাবেই ছোট নয়; বরং খাবারকে কেন্দ্র করে সমাজ, অর্থনীতি, স্বাস্থ্য, কৃষি, পরিবেশ, সংস্কৃতি ও মানুষের জীবনের নানা গল্প আমরা তুলে ধরতে চাই।
খাদ্য নিরাপত্তা, নিরাপদ খাবার, খাদ্যে ভেজাল ও নকলের অনুসন্ধান, কৃষি ও খাদ্য উৎপাদন, খাদ্যের দাম ও বাজারব্যবস্থা, পুষ্টি, খাদ্যশিল্প, রেস্তোরাঁ ও খাদ্যব্যবসা— সবই আমাদের কাজের ক্ষেত্র। একই সঙ্গে আমরা গুরুত্ব দেব খাদ্য সংস্কৃতি, ঐতিহ্যবাহী খাবার, মানুষের খাদ্যাভ্যাস, নতুন খাদ্যধারা এবং জলবায়ু রান্নাঘরের (ক্লাইমেট কিচেন) মতো ভবিষ্যৎমুখী বিষয়গুলোতেও।
আমরা শুধু খবর দিতে চাই না; খবরের পেছনের গল্পটাও বলতে চাই। তথ্য, গবেষণা, অনুসন্ধান ও মানুষের অভিজ্ঞতার ভিত্তিতে খাবারকে দেখতে চাই নতুন দৃষ্টিতে, দৃষ্টিভঙ্গিতে। কারণ খাবার শুধু পাতে থাকা কোনো বিষয় নয়; এর সঙ্গে জড়িয়ে আছে আমাদের জীবন, অর্থনীতি, সংস্কৃতি, পরিবেশ এবং ভবিষ্যৎ।
ধারা নিউজ— খাবার নিয়ে মানুষের জন্য বাংলা ভাষার প্রথম নিশ মিডিয়া।